ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি বিউটি সেলুনে আঘাত হানলে তিন ফিলিস্তিনি নারী নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) বেইত আওয়া এলাকায় অবস্থিত একটি নারীদের হেয়ার সেলুনে ক্ষেপণাস্ত্রের টুকরো বা ক্লাস্টার বোমার অংশ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষেপণাস্ত্রের এসব টুকরো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এর একটি অংশ সেলুনটিতে আঘাত হানে।
ঘটনার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স, চিকিৎসক দল ও বিস্ফোরক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেন এবং এলাকা নিরাপদ করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হামলার সময় নিরাপদ আশ্রয়ে থাকার এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
