আজ পবিত্র জুমাতুল বিদা 

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১১:০৬ এএম

পবিত্র রমজানের শেষ শুক্রবার আজ। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। সারা দেশে এই দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পালিত হবে।

জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।

প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।

রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত