অভিষেকেই সেঞ্চুরি, ১৫ বছরেই বিশ্বরেকর্ড রুয়ান্ডার কিশোরীর

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে নতুন এক ইতিহাস লিখলেন রুয়ান্ডার কিশোরী ফ্যানি উতাগুশিমানিন্দ। নাইজেরিয়া ইনভিটেশনাল উইমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে নারী ক্রিকেটে একাধিক বিশ্বরেকর্ড নিজের করে নিয়েছেন এই ব্যাটার।

শুক্রবার লেগোসে অনুষ্ঠিত ম্যাচে ঘানার বোলারদের শাসন করে মাত্র ৬৫ বলে ১১১ রানের এক অপরাজিত ইনিংস খেলেন ফ্যানি। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে এই কীর্তি গড়ে ফ্যানি এখন নারী ও পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মেয়েদের ক্রিকেটে এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উগান্ডার প্রোসকোভিয়া আলাকো। ২০১৯ সালে মালির বিপক্ষে যখন তিনি ১১৬ রান করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২৩৩ দিন। আর পুরুষদের ক্রিকেটে ১৬ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। 

নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ফ্যানিই প্রথম ব্যাটার, যিনি নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি কারেন রোলটনের (৯৬*)। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন তিনি। ফ্যানির বিধ্বংসী এই ইনিংসে ভর করে রুয়ান্ডা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মারভেইল উওয়াসে (৩২*)। বিপরীতে লক্ষ্য তাড়া করতে নেমে ঘানা ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ১২২ রানের বিশাল জয় পায় রুয়ান্ডা।

পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত চারজন ব্যাটার টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করেছেন, যদিও তাঁদের কেউই পূর্ণ সদস্য দেশের নন। পুরুষদের মধ্যে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন (১৮ বছর ২৮০ দিন)। সেই হিসেবে নারী-পুরুষ নির্বিশেষে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব এখন ফ্যানি উতাগুশিমানিন্দের দখলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত