বোলিং করার সময় লুটিয়ে পড়লেন ভারতের সাকিব, নিমেষেই সব শেষ!

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

খেলার মাঠেই থেমে গেল ২২ বছর বয়সী এক তরুণ ক্রিকেটারের জীবন। ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ক্রিকেট খেলার সময় সাকিব নামের একজন বিএসসি ছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার হাফিজগঞ্জ এলাকার হরহরপুর মতকালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম বলছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

নিহত সাকিব দিল্লির একটি কলেজে বিএসসি পড়তেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। এলাকায় একজন তুখোড় গতিময় বোলার হিসেবে তার বেশ নামডাক ছিল। স্থানীয় বিভিন্ন টুর্নামেন্টে খেলার জন্য প্রায়ই তার ডাক পড়ত। সপ্তাহখানেক আগে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে দিল্লি থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।

গত শুক্রবার দুপুর ১২টার দিকে গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন সাকিব। প্রত্যক্ষদর্শীদের মতে, খেলার মাঝপথেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তার শ্বাসকষ্ট শুরু হয় এবং অবস্থার অবনতি ঘটে। সতীর্থরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেরেলি জেলা হাসপাতালের চিকিৎসক ড. এ এম আগরওয়াল ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, এটি সাধারণ হার্ট অ্যাটাক নয়, বরং ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ হতে পারে। খেলাধুলা বা পরিশ্রমের সময় হঠাৎ জ্ঞান হারানো, বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করার পরামর্শ দিয়েছেন তিনি। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণেও হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে। সাকিবের এই অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত