কমলগঞ্জে ৪২ বছর পর নৌকা পূজা, ভক্তদের ঢল

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা। দীর্ঘ ৪২ বছর পর এ পূজার পুনরায় আয়োজনকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ভক্তদের ব্যাপক অংশগ্রহণে এটি পরিণত হয়েছে এক প্রাণের মিলনমেলায়।

মঙ্গলবার (২৪ মার্চ) তিন দিনব্যাপী অনুষ্ঠিত নৌকা পূজা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্তি হয়। এর আগে গত ২২ মার্চ রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়।  সোমবার (২৩ মার্চ) মূল পূজার দিনে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজা-অর্চনা, আরতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে পূজা পরিদর্শনে আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাশ। রাতে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

আয়োজকরা জানান, কয়েক হাজার ভক্তের জন্য পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং আগত সবার মাঝে তা বিতরণ করা হচ্ছে। পূজা ঘিরে আয়োজন করা হয় মহিষ বলি ও গ্রামীণ মেলা, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, “দীর্ঘ ৪২ বছর পর নৌকা পূজার এই আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন করে জীবিত করেছে। এটি ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শ্রী শ্রী মনসা দেবীর নৌকা পূজা বাংলার প্রাচীন লোকজ ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাপের দেবী হিসেবে পূজিত মনসা দেবীর কাছে ভক্তরা কল্যাণ, সুরক্ষা ও সমৃদ্ধি কামনা করেন।”

সর্বশেষ সর্বাধিক পঠিত