ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যের ২৯৪ আসনে ভোটগ্রহণ হবে। ২০২১ সালের নির্বাচন হয়েছিল আট দফায়। তফসিল ঘোষণার পরও চূড়ান্ত ভোটার তালিকা এখনো প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। বিতর্কিত ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ ভোটারের যোগ্যতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভোটার যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় বিচার বিভাগীয় কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। যাচাই-বাছাইয়ের অগ্রগতিরাজ্যে এই কাজের জন্য ৭০০ বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে যোগ্য ভোটারদের নাম অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নির্বাচনের মাত্র এক মাস আগে এই প্রক্রিয়া শেষ না হওয়ায় রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
গত নভেম্বর থেকে রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) শুরু হয়। তখন রাজ্যের ভোটার ছিল ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন। তবে রাজ্যের চূড়ান্ত ভোটার সংখ্যা নেমে আসে প্রায় ৬ কোটি ৪৪ লাখে।
