কলম্বিয়ায় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোররাতে পেরু ও ইকুয়েডর সীমান্তঘেঁষা আমাজনীয় প্রদেশ পুতুমায়োর এক দুর্গম জনপদ পুয়ের্তো লেগুইজামোতে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত কয়েক ডজন আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপি বলছে, সি-১৩০ হারকিউলিস মডেলের উড়োজাহাজটি ১২৫ আরোহী নিয়ে ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্তসংলগ্ন পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের পরপরই আছড়ে পড়ে। এতে বনের মধ্যে উড়োজাহাজের জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
দেশটির বিমানবাহিনী জানিয়েছে, লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের উড়োজাহাজটি পুতুমায়ো প্রদেশের অন্য একটি শহরে সেনাসদস্যদের পরিবহন করছিল।
একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ সেনাসদস্য, বিমানবাহিনীর ছয় কর্মী এবং দুই পুলিশ সদস্য রয়েছেন।
উড়োজাহাজটি যে সীমান্ত এলাকায় বিধ্বস্ত হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছিল। কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী সেখানে যৌথভাবে মাদক কারবারি ও সশস্ত্র গোষ্ঠী দমনে অভিযান চালাচ্ছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। তবে দুর্ঘটনার কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
সানচেজ জানান, উড্ডয়নস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে উড়োজাহাজটি আছড়ে পড়ে। তিনি আরও জানান, উড়োজাহাজে আগুন ধরে যাওয়ার ফলে সেখানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কোনো ‘অবৈধ গোষ্ঠীর হামলার’ আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করেন সানচেজ।
ষাটের দশকের শেষভাগে কলম্বিয়া তাদের বিমানবাহিনীতে প্রথমবারের মতো হারকিউলিস সি-১৩০ যুক্ত করে। দেশটি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আনা নতুন মডেলের উড়োজাহাজ দিয়ে তাদের পুরোনো কিছু সি-১৩০ মডেলের আধুনিকায়ন করেছে।
গত মাসে বলিভিয়ার বিমানবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ উড়োজাহাজ এল আল্টো শহরে বিধ্বস্ত হয়। অল্পের জন্য উড়োজাহাজটি আবাসিক ভবনের ওপর পড়েনি। ওই দুর্ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ৩০ জন আহত হন।
