রাতের আঁধারে ভয়াবহ আগুনে নগদ টাকাসহ পুড়ে গেছে ৬টি দোকানের সব মালামাল। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে পঞ্চগড় বাজারের টিনপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের ঘটনাটি ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ মিনিটের আগুনে কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪টি দোকান। এর মধ্যে বাজারের ফেন্সি হার্ডওয়ারে রং এর মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
টিনপট্টি এলাকা কীটনাশক ব্যবসায়ী শেখ শামীম পারভেজ বলেন, আমার দোকানের সামনে কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে যায়। এই বাজারে হাজারের বেশি দোকান রয়েছে। আমরা অনেক ভয় পেয়েছিলাম। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের আন্তরিকতায় আমরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যে কয়েকটি দোকান পুড়ে গেছে, এসব ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে গেছেন।
স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হায়াতুন আলম বলেন, ঐতিহ্যবাহী পঞ্চগড় রাজনগর হাটের এই অংশে অসংখ্য কাপড় এবং জুতোর দোকান রয়েছে। আগুন আর একটু গভীর রাতে লাগলে এই বাজারকে রক্ষা করা যেত না। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা একপ্রকার বেঁচে গেছি। একজন ব্যবসায়ীর নগদ টাকা যে কয়েকটি দোকান পুড়ে গেছে এসব দোকানে কয়েক কোটি টাকার পণ্য ছিল।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, রাত বারোটার দিকে আমরা খবর পেয়ে ছুটে আসি। আমাদের রিজার্ভ পানি এবং পৌরসভার রিজার্ভ ট্যাংকি থেকে পানি নিয়ে আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
