রিয়ালকে ৬ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পিএম

মাঠটা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের, কিন্তু দাপট দেখাল বার্সেলোনা। নারী চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই রিয়াল মাদ্রিদকে ২-৬ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সার মেয়েরা। স্প্যানিশ এই দুই পরাশক্তির লড়াইয়ে আরও একবার প্রমাণিত হলো—ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার মেয়েদের ধারেকাছেও কেউ নেই।

ম্যাচের বাঁশি বাজার মাত্র ৬ মিনিটের মাথায় প্যাত্রি গুইজারোর পাস থেকে অ্যালেক্সিয়া পুতেয়াস বল বাড়িয়ে দেন ইওয়া পাজোরকে। দারুণ এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন পাজোর। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসমি ব্রুগটস। রিয়াল গোলরক্ষক মিসা রদ্রিগেজ চেষ্টা করলেও বলের জাল মুখ আটকাতে পারেননি।

ম্যাচের ৩০ মিনিটে লিন্ডা কাইসেডোর গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে রিয়াল মাদ্রিদ। তবে স্বাগতিকদের সেই আনন্দ টেকেনি মাত্র ২ মিনিট। ক্লডিয়া পিনার কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ৩-১ করেন আইরিন পারেদেস। প্রথমার্ধেই বার্সা বুঝিয়ে দেয়, আজকের রাতটা শুধুই তাদের।

দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন পাজোর। এর সাত মিনিট পর ভিকি লোপেজ স্লাইড করে বল জালে পাঠালে ব্যবধান দাঁড়ায় ৫-১। ৬৬ মিনিটে কাইসেডো ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে বার্সার ষষ্ঠ গোলটি করেন অ্যালেক্সিয়া পুতেয়াস।

আগামী ২ এপ্রিল স্পটিফাই ক্যাম্প ন্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। নিজেদের মাঠে নামার আগেই ৪ গোলের লিড নিয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে রইল তিনবারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড অথবা বায়ার্ন মিউনিখ।

উল্লেখ্য, স্প্যানিশ লিগেও বার্সার দাপট অব্যাহত। ২৩ ম্যাচের ২২টিতেই জয় নিয়ে রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। লিগে আগামী রবিবার আবারও এই দুই দল মুখোমুখি হবে, যেখানে বার্সার লক্ষ্য থাকবে টানা সপ্তম শিরোপার পথে আরও এগিয়ে যাওয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত