ধোনিকেই সর্বকালের সেরা অধিনায়ক মেনে নিলেন সৌরভ

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক কে? এই বিতর্ক দীর্ঘদিনের। মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি কিংবা হালের রোহিত শর্মা—তালিকায় নাম আছে অনেকেরই। তবে এই দৌড়ে সৌরভ গাঙ্গুলী এবং এমএস ধোনিকে নিয়ে লড়াইটা হয় সবচেয়ে বেশি। এবার সেই বিতর্কের অবসান ঘটালেন 'মহারাজ' নিজেই। 

একটি টিভি সম্মেলনে সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়—সেরা কে? তিনি না কি ধোনি? কোনো দ্বিধা ছাড়াই সৌরভ বেছে নিলেন ধোনিকে। সৌরভ বলেন, "অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। ধোনি বিশ্বকাপ জিতেছে, আর আমি রানার-আপ হয়েছি। সাদা বলের ক্রিকেটে ধোনি একজন অসাধারণ অধিনায়ক ছিল।"

ধোনির উত্থান নিয়ে গর্ব প্রকাশ করে সাবেক বিসিসিআই সভাপতি বলেন, "ঝাড়খণ্ডের মতো ছোট জায়গা থেকে উঠে এসে কিংবদন্তি হওয়া সত্যিই গর্বের। ওর আগে ওই অঞ্চল থেকে খুব বেশি ক্রিকেটার জাতীয় দলে খেলেনি। মাহি পেরেছে বলেই আজ বৈভব সূর্যবংশীর মতো তরুণরা স্বপ্ন দেখার সাহস পায়।"

সৌরভ আরও যোগ করেন, "আমি বাংলার ছেলে আর ও ঝাড়খণ্ডের। মুম্বাই, দিল্লি বা ব্যাঙ্গালোরের মতো এই অঞ্চলগুলো থেকে আগে খুব বেশি ক্রিকেটার আসত না। তাই ধোনির সাফল্যে আমি আলাদা তৃপ্তি পাই।"

২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বেই ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল ধোনির। পরবর্তীতে ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত