ক্রমশ উজ্জ্বল ওবি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:২৫ এএম

হলিউডের আলোচিত একটি নাম মার্গট এলিস রবি। ২০২৩ সালের ফ্যান্টাসি-কমেডিভিত্তিক ছবি ‘বার্বি’তে অভিনয় করে রাতারাতি সুপারস্টার বনে যান এই নীল নয়না। নীল চোখের পাশাপাশি নিখুঁত হাসি, চারিত্রিক বৈশিষ্ট্য ও স্টাইলিশ উপস্থাপনা এসব বৈশিষ্ট্যই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘ওয়েদারিং হাইটস’। মুক্তির পর নানা বিতর্ক ছাপিয়ে বিশ্বব্যাপী সুপারহিট ব্যবসা করে সিনেমাটি। এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধান অভিনেত্রী মার্গো রবি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সমালোচকদের জন্য নয়, বরং দর্শকদের জন্যই সিনেমা বানান। শুটিং সেটে কাজ করার সময় সমালোচকদের মতামতের চেয়ে দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার বিষয়টিই তার কাছে বেশি গুরুত্ব পায়।

ছবিটিতে মার্গো রবি ও জ্যাকব এলর্ডির পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল ছিল। এ প্রসঙ্গে রবি জানান, শুটিং চলাকালে খুব দ্রুতই তিনি এবং এলর্ডি একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এমনকি শুটিংয়ের শুরুর দিকে এলর্ডি যখন উপন্যাসের ‘হিথক্লিফ’ চরিত্রের মতো রবির আশপাশে থাকতেন না, তখন রবি এক ধরনের অস্থিরতা অনুভব করতেন। সহকর্মীদের সঙ্গে এমন ঘনিষ্ঠতা রবির কাজেরই অংশ, যা সিনেমা শেষ হওয়ার পর তাকে কিছুটা বিষণœও করে তোলে। অন্যদিকে জ্যাকব এলর্ডিও রবির প্রশংসায় পঞ্চমুখ। তার মতে, সেটে রবির সান্নিধ্যে থাকা মানেই অনেক কিছু শেখা। তাদের মধ্যে কাজ করা ‘পারস্পরিক মোহ’ পর্দার অভিনয়কে আরও প্রাণবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

মার্গট রবি বরাবরই তার স্পষ্টবাদিতা এবং দৃঢ় ব্যক্তিত্বের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। পপ তারকা চার্লি এক্সসিএক্সের সঙ্গে এক আলাপচারিতায় রবি জানান, অভিনয় জীবনের একেবারে শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতা তাকে ‘ফ্রেঞ্চ ওমেন ডোন্ট গেট ফ্যাট’ নামক একটি বই উপহার দিয়েছিলেন। মিরেই গিলিয়ানোর লেখা এই বইটি মূলত খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণ সংক্রান্ত পরামর্শে ঠাসা। তবে মার্গট রবি এই উপহারটিকে সহজভাবে নিতে পারেননি, বরং একে তার শারীরিক গঠন নিয়ে একটি অপমানজনক ইঙ্গিত হিসেবেই দেখেছিলেন।

২০১৩ সালে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ সিনেমার মাধ্যমে বিশ্ব জুড়ে পরিচিতি পাওয়ার পর তিনি একের পর এক প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছেন। ‘সুইসাইড স্কোয়াড’, ‘আই, টনিয়া’, ‘বম্বশেল’ এবং সাম্প্রতিক সময়ের ব্লকবাস্টার ‘বার্বি’ তাকে হলিউডের অন্যতম ক্ষমতাধর অভিনেত্রী ও প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রবি ২০১৭ সালে ‘আই, টনিয়া’ ছবিতে আমেরিকান ফিগার স্কেটার টোনিয়া হার্ডিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন। এ পর্যন্ত তিনি তিনটি অস্কার মনোনয়ন অর্জন করেছেন, যা তার অভিনয় দক্ষতার এক অনন্য স্বীকৃতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত