কেমন চলছে ঈদের সিনেমা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:২৭ এএম

একটু একটু করে মূলধারার চলচ্চিত্র যে অনেকখানি বদলে গেছে তার নমুনা পুরোপুরি দেখা গেল এবারের রোজার ঈদে। এবারের ঈদুল ফিতরে যে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে, তার বেশিরভাগই ছোটপর্দার অভিনয়শিল্পীতে ভরা। গল্পেও দেখা যাচ্ছে গতানুগতিকতার বাইরের আবহ। তথাকথিত কমার্শিয়াল ধারাকে বদলে দিতে নির্মাণশৈলীতে যেমন পরিবর্তন এসেছে, তেমনি নির্মাতাদের মধ্যেও দেখা যাচ্ছে নতুনদের আধিপত্য। অভিনয়শিল্পীর মতো সিনেমাও বানাচ্ছেন এখন ছোটপর্দার মেধাবী পরিচালকরা। ছোট ও বড় পর্দার শিল্পী ও কলাকুশলীদের মিশেলে এবার ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এগুলোর কোনটা কতটা ব্যবসা করছে, কোনটা ফ্লপ কিংবা হিট তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। তবে প্রতিবারের চেয়ে এবার প্রচারণার কমতি থাকলেও সিনেমাপ্রেমী দর্শককে ঠিকই প্রেক্ষাগৃহে টেনে আনছে ঈদের সিনেমাগুলো। আর দর্শকের ভিড়ে প্রেক্ষাগৃহগুলোও যেন পুরনো ছন্দ ফিরে পেয়েছে। ঈদের ছুটিতে পরিবার-বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার আনন্দকে ঘিরে তৈরি হয়েছে এক উৎসবমুখর আবহ। যদিও সেই উচ্ছ্বাস সবচেয়ে বেশি চোখে পড়ছে মাল্টিপ্লেক্সগুলোতে।

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা হলো ‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ এবং ‘প্রেশার কুকার’। সবগুলোর প্রতিই দর্শকের আগ্রহ বেশ। বিশেষ করে শাকিব খান বরাবরের মতো এবারও দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। তার ‘প্রিন্স’ সিনেমাটি শুরুতে ডিসিপি (ডিজিটাল কনটেন্ট প্রোটেকশন) জটিলতার কারণে প্রদর্শিত না হলেও ঈদের চতুর্থ দিন থেকে দর্শকদের ভিড় আরও বেড়ে যায়। সিনেপ্লেক্স কর্র্তৃপক্ষের তথ্য মতে, মুক্তির প্রথম দিন থেকেই প্রতিটি শাখায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদের পঞ্চম দিনেও প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। টিকিট সংগ্রহ যেন এখন এক ধরনের প্রতিযোগিতা। অনলাইন ও কাউন্টার দুই মাধ্যমেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে টিকিট। ফলে অনেক দর্শকই আগেভাগে টিকিট কেটে রাখছেন, যাতে প্রিয় সিনেমা দেখা থেকে বঞ্চিত না হতে হয়। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাজ মাল্টিমিডিয়া। ‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

এবার ঈদের সিনেমায় তারকাখ্যাতির চেয়েও এবার দর্শকরা গল্পের গাঁথুনিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আর এই সমীকরণে সবাইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নির্মাতা তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিন থেকেই সাধারণ দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসায় ভাসছে। হুমায়ূন আহমেদের লেখনীর এক অদ্ভুত সম্মোহনী ক্ষমতা থাকে, যা মানুষের সূক্ষ্ম আবেগ ও দীর্ঘশ্বাসকে স্পর্শ করতে পারে। সেই চিরচেনা অনুভূতির নির্যাস সেলুলয়েডে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক তানিম নূর। সিনেমার প্রেক্ষাপট হিসেবে তিনি ২০০৭ সালের সময়কালকে বেছে নিয়েছেন, যা দর্শকদের এক ধরনের নস্টালজিয়ায় আচ্ছন্ন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে ইতিবাচক আলোচনার ঝড় উঠেছে। দর্শকরা বলছেন, গল্পের গভীরতা আর শৈল্পিক নির্মাণের সংমিশ্রণে ‘বনলতা এক্সপ্রেস’ শুধু একটি সিনেমা নয়, বরং এক মানবিক অভিজ্ঞতার নাম।

সিনেমার মূল শক্তি হিসেবে কাজ করেছে এর শক্তিশালী তারকাবহর। বর্তমান সময়ের দুই দিকপাল অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একই পর্দায় দেখার সুযোগ পাওয়া ছিল দর্শকদের জন্য এবারের ঈদের অন্যতম বড় চমক। তাদের সাবলীল অভিনয় চরিত্রগুলোকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এ ছাড়া আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শরীফুল রাজের মতো শক্তিমান অভিনয়শিল্পীরাও তাদের সেরাটা দিয়েছেন। মূলত একটি রেলযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে মানুষের সম্পর্কের টানাপড়েন এবং জীবনের অপ্রাপ্তিগুলো ফুটে উঠেছে। 

আফরান নিশো, পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমাটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে। এরই মধ্যে খবর এসেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ব্যবসায়িকভাবে প্রদর্শিত হবে সিনেমাটি। বাংলা মুভি রিভিউয়ের (বিএমআর) তথ্য অনুযায়ী, মাল্টিপ্লেক্সে পঞ্চম দিনেও অপ্রতিরোধ্য ‘দম’। ২০২৬ সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে সাড়ে ৩ কোটি টাকা গ্রোস কালেকশন দিয়েছে এটি। রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ ছবিতে শাহজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আর রানী চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। অনেক দর্শকই বলছেন সিনেমাটিতে আফরান নিশো ও পূজা সেরা অভিনয় উপহার দিয়েছেন।

ভায়োলেন্সের অভিযোগ থাকলেও সমানতালে দর্শক টানছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমাটি। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। সিনেমার আইটেম গানে অভিনয় করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের অভাবনীয় সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। দীর্ঘ প্রস্তুতির পর বড়পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা।

অন্যদিকে মুক্তির শুরু থেকেই প্রশংসায় ভাসছে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়া দেখে রাফী জানালেন প্রেশার কুকার বানিয়ে তিনি সার্থক। নারীকেন্দ্রিক এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। এ ছাড়া রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।

সর্বশেষ সর্বাধিক পঠিত