স্মৃতিসৌধে জামায়াত আমির

নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:১৪ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মরণে দোয়া করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে যান তিনি। শ্রদ্ধা জানিয়ে শফিকুর রহমান সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সবার মতো আমরাও আমাদের বীর ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’ আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। এই দেশের মানুষের ওপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত