হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশের সঙ্গে যোগাযোগ ফ্রান্সের

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১১:২৯ এএম

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে সম্ভাব্য একটি আন্তর্জাতিক মিশন গঠনে প্রায় ৩৫টি দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স। দেশটির এই উদ্যেগের সঙ্গে যুক্তরাজ্যও জড়িত রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার দেশটি জানায়, তাদের সশস্ত্র বাহিনীর প্রধান ফাবিয়েন ম্যান্ডোঁ একাধিক দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন, যেখানে সম্ভাব্য অংশীদার ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। যদিও কোন কোন দেশ এতে অংশ নিয়েছে তা জানানো হয়নি, তবে বলা হয়েছে, সব মহাদেশ থেকেই প্রতিনিধিরা ছিলেন।

পশ্চিমা মিত্ররা ইতিমধ্যে জানিয়েছে, তারা চলমান যুদ্ধে অংশ নেবে না। তবে পর্দার আড়ালের এই কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ শেষে ইরান হরমুজ প্রণালিতে হুমকি অব্যাহত রাখতে পারে।

হামলার জবাবে বিশ্ব জ্বালানির গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দিয়েছে ইরান। শত্রু দেশগুলোর জাহাজের জন্য রুটটি পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি। এতে প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত