রাজধানীতে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:২১ এএম

রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইন তাসফিলুল কোরআন নামে একটি হেফজ মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসাটির প্রিন্সিপাল ফেরদৌস আহমেদ জানান, ইয়ামিন মাদ্রাসার হেফজ বিভাগে পড়ে। তার বাসা কদমতলী মোহাম্মদবাগ এলাকায়। বাবার নাম রফিকুল ইসলাম। গত বুধবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। এরপর আর মাদ্রাসায় আসেনি।

তিনি বলেন, ইয়ামিন মাদ্রাসায় আসতে চাচ্ছিল না দেখে তার বাবা আমাকে কল করে বলেন, তাকে বাসা থেকে বুঝিয়ে মাদ্রাসায় নিয়ে যেতে। তবে তিনি (প্রিন্সিপাল) আর ইয়ামিনকে আনতে যান নি। সবশেষ রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার নানীই তাকে মাদ্রাসায় এনে দিয়ে যান। এর কিছুক্ষণ পর সে কৌশলে ছাদের গেটের চাবি নিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ পর তিনি (প্রিন্সিপাল) খবর পান, সে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ভবনের নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত