চৈত্রের শেষ দিনে আসছে কিউইরা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৩:১০ এএম

বাংলা বছরের শেষ দিনে বাংলাদেশে পা রাখতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৩ এপ্রিল বাংলাদেশ আসছে কিউইরা, দেশ ছাড়বে মে মাসের ২ তারিখে। এই সপ্তাহ দুয়েক সময়ে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপরা বাংলাদেশ সফরের জন্য খুব সম্ভবত অনভিজ্ঞ ক্রিকেটারদেরই সুযোগ দেবে। কারণ আইপিএল এবং পিএসএলে যে খেলছেন নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের অনেকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জেমস নিশামের নেতৃত্বে মাঠে নামা দলে খেলেছেন কেটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লেভার, বেভন জ্যাকবসরা। গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সেইফার্টরা সবাই যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত! তাই বাংলাদেশ সফরেও হয়তো নিউজিল্যান্ড দলে দেখা যাবে এইসব ক্রিকেটারকেই।

বাংলাদেশ সফরে খর্বশক্তির দল পাঠানোটা অবশ্য নিউজিল্যান্ডের জন্য নতুন নয়। উঠতি ক্রিকেটারদের পরখ করে দেখার জন্য বাংলাদেশকে একাধিকবার বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেভাগে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেলদের রেখে বাংলাদেশে পাঠানো হয়েছিল তরুণ রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ংদের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই তরুণরাই নিউজিল্যান্ডকে নিয়ে গিয়েছেন ফাইনালে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আগেও বাংলাদেশে আসেননি কেন উইলিয়ামসন-সহ দলের নিয়মিত সদস্যরা। লকি ফার্গুসনের নেতৃত্বে চ্যাড বাওয়েজ, ডেন ক্লেভা র, ডিন ফক্সক্রফটরা এসেছিলেন বাংলাদেশে যারা ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দলে ছিলেনই না। খর্বশক্তির নিউজিল্যান্ডকে যদি ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে পারে বাংলাদেশ, তাহলে র‌্যাংকিং পয়েন্ট বেড়ে হবে ৮৫, তাতে করে ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে থাকা ইংল্যান্ডকে একটা চাপে রাখা যাবে।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, তৃতীয়টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এপ্রিলের ১৭, ২০ ও ২৩ তারিখে হবে ৩ ওয়ানডে। এরপর চট্টগ্রামেই ২৭ ও ২৮ এপ্রিল দুটো টি-টোয়েন্টি। এরপর ঢাকায় ২ মে দুপুর ২টায় তৃতীয় টি-টোয়েন্টি, এই ম্যাচ খেলে রাতেই বিদায় নেবে কিউইরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত