স্বাস্থ্যমন্ত্রী বললেন

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ও নিউনেটাল ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহীতে। অথচ সেখানকার পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’

গতকাল শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘সিএমই অন মেডিকেল এথিক্স’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী জানান, তিনি ফোন করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রথমে দাবি করেন যে, মিডিয়া বিষয়টি অতিরঞ্জিত করছে। তবে পরবর্তী রিপোর্ট পাওয়ার পর দেখা যায়, মিডিয়ার প্রতিবেদন সঠিক। এরপর পরিচালক আর বিষয়টি অস্বীকার করতে পারেননি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর পূর্ণ আস্থা রাখেন। তাই তাদের আচরণ, কথাবার্তা ও সেবায় দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, কখনো কখনো অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুতা থেকে যাওয়া বা অনাকাক্সিক্ষত জটিলতা দেখা দেয় মূলত চিকিৎসকের ক্লান্তি বা অতিরিক্ত ব্যস্ততার কারণে মনোযোগের ঘাটতি থেকে।

চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা নর্থের একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রোগীর সঙ্গে ব্যক্তিগত গল্প করা ও গান গাইয়ে মনোযোগ ভঙ্গ করেছেন, যা সম্পূর্ণভাবে মেডিকেল এথিক্সের বাইরে।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা ও প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শিখতে হবে, নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং আন্তর্জাতিক মেডিকেল জার্নালগুলো নিয়মিত পড়তে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত