গ্রেপ্তার এড়াতে ডোবায় ঝাঁপ, অতঃপর...

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৫৪ এএম

চট্টগ্রামে পুলিশের হাত থেকে রেহাই পেতে ডোবায় ঝাঁপ দিয়েছেন মো. রুবেল নামে এক যুবক। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ দেন রুবেল। ছয় ঘণ্টা ধরে কাদায় গড়াগড়ি করেন। এ সময় কোনো এক ফাঁকে স্ত্রীর দেওয়া রামদা নিয়ে পুলিশকে আত্মহননের ভয়ও দেখান তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। দীর্ঘ ছয় ঘণ্টা পর তীরে উঠে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গত শুক্রবার সন্ধ্যায় নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, রুবেল মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। একটি মামলায় গ্রেপ্তার অভিযানে গেলে এমন কা- ঘটান। রুবেল হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ফকিরগলির আবু সৈয়দ ড্রাইভারের ছেলে ও নগরের চিহ্নিত ছিনতাইকারী দলের প্রধান। বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, রুবেলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, মারধরসহ ১৪টি মামলা পাওয়া গেছে। গতকাল আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সম্প্রতি হানিট্রাপে ফেলে নারীদের ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে গেলে লাফিয়ে কাদায় পড়ে যান। ছয় ঘণ্টার বেশি কষ্টে সাদা পোশাকে আমরা অবস্থান পরিবর্তন করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত