জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন। গতকাল শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শোকবার্তায় স্পিকার ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। রাষ্ট্রপতি বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
অন্য এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারাল। দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ আজ রবিবার সন্ধ্যায় দেশে আনা হবে। পরদিন সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম ও জোহর নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
