হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের বিশাল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ, মেহেদী, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ২৮ মার্চ ভোররাতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে দেখা যায়, ট্রাকটিতে ভাংগারি মালামাল বহনের আড়ালে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ ও মেহেদী লুকিয়ে রাখা হয়েছে। এমনকি গাড়ির পাটাতনের নিচেও বিশেষভাবে গোপন চেম্বার তৈরি করে এসব পণ্য রাখা হয়েছিল। পরে সেগুলো উদ্ধার করে ট্রাকসহ জব্দ করা হয়।
অন্যদিকে, পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, জব্দকৃত সকল পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহজালালে বিমানের শৌচাগার থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার 