পবিত্র ঈদুল ফিতর ও ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর কারণে টানা ১১ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধের পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুএকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৮ই মার্চ বুধবার থেকে শুরু করে ২৭শে মার্চ শুক্রবার পর্যন্ত টানা ১০দিন হিলি শুল্ক স্টেশনে কর্মরত সিআ্যন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এর ফলে ওই সময়ে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ঈদের ছুটির পর শনিবার থেকে সিআ্যন্ডএফ এজেন্টদের সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় কাস্টমসের সুপার মৃত্যুবরণ করায় গতকাল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়নি। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পুনরায় দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশ করে।
এদিকে গতকাল শনিবার থেকেই হিলি স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা তাদের কাজে যোগ দেওয়ায় বন্দরের অভ্যন্তরে থাকা পূর্বের আমদানিকৃত পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম গতকাল থেকেই সচল রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
স্ত্রীর সঙ্গে অভিমান করে এলজিইডি কর্মচারীর গলা ফাঁস