টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদরাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তার লাশ। নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে।
নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী বলেন, রিদুয়ান তার বাবার মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, কোনও ভারী যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। স্থানীয়রা রিদুয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তরুণের মৃত্যু হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
