রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ঈশ্বরদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপুর নেতৃত্বে আহ্বায়ক কমিটির ১১ সদস্য পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, প্রেস সচিব সরওয়ার আলম, একান্ত সচিব দিদারুল ইসলাম এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও এস এম রাজা, সিনিয়র সাংবাদিক মাহবুবুল হক দুদু, সমকাল প্রতিনিধি সেলিম সরদার, দেশ রূপান্তর প্রতিনিধি মহিদুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ খান, দৈনিক বীর বাংলা সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টি সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কালের কণ্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু রাষ্ট্রপতিকে জানান, “ঈশ্বরদী প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঈশ্বরদী প্রেসক্লাবের বিভিন্ন সময়ে পালন করা দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ঈশ্বরদী প্রেসক্লাব পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
