ফুটবল মাঠে লিওনেল মেসিকে থামানো মানেই যেন পাহাড় ডিঙানো। আর সেই কাজ করতে গিয়েই ২০১৬ সালের এক কাতালান ডার্বিতে বার্সেলোনা মহাতারকার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন এস্পানিওল ডিফেন্ডার আলভারো গঞ্জালেস। প্রায় এক দশক পর ‘এল চিরিংগিতো টিভি’তে দেওয়া এক সাক্ষাৎকারে সেই উত্তপ্ত মুহূর্তের স্মৃতিচারণ করলেন গঞ্জালেস।
সেই ম্যাচ চলাকালীন মেসিকে থামাতে বেশ বেগ পেতে হচ্ছিল এস্পানিওল ডিফেন্ডারদের। এক পর্যায়ে মেসির সঙ্গে গঞ্জালেসের কথা কাটাকাটি শুরু হয়। গঞ্জালেস জানান, মেসি প্রথমে তাকে লক্ষ্য করে বলেছিলেন, ‘তুমি আসলে খুব খারাপ একজন খেলোয়াড়।’ দমে যাননি গঞ্জালেসও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মেসির উচ্চতা নিয়ে খোঁচা দিয়ে বসেন, ‘মেসি আমাকে খারাপ খেলোয়াড় বলায় আমি বলি— “আর তুমি হলে একদম বেটে”। আসলে মেসিকে বলার মতো আমার কাছে আর কিছুই ছিল না। মাথায় যা এসেছে, সেটাই বলে দিয়েছিলাম।’
মাঠের লড়াইয়ে কনুইয়ের গুঁতো বা ধাক্কাধাক্কি চললেও মেসির প্রতি গঞ্জালেসের সম্মান কমেনি। তিনি স্বীকার করেছেন যে সেই বছরগুলোতে মেসির বিরুদ্ধে খেলা মানেই ছিল চরম ভোগান্তি। যদিও সেই ম্যাচে মেসির জার্সি পাওয়ার সুপ্ত ইচ্ছা ছিল তার, কিন্তু পরিস্থিতির কারণে তা আর হয়ে ওঠেনি। মজার ছলে গঞ্জালেস বলেন, এখন মেসির চেহারা সেই সময়ের চেয়ে অনেক উন্নত হয়েছে!
আলভারো গঞ্জালেসের ক্যারিয়ার কেবল মেসির সঙ্গেই নয়, নেইমারের সঙ্গে বর্ণবাদ বিতর্কেও জড়িয়েছিল। ২০২০ সালে মার্সেই বনাম পিএসজি ম্যাচে নেইমার তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনলেও তদন্তে গঞ্জালেস নির্দোষ প্রমাণিত হন। দীর্ঘ পথচলা শেষে ২০২৫ সালে টেনেরিফের হয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান এই স্প্যানিশ ডিফেন্ডার। অন্যদিকে, ৩৭ পেরিয়েও লিওনেল মেসি এখনও ফুটবল মাঠের অবিসংবাদিত রাজা। ইন্টার মিয়ামির হয়ে ট্রফি জয়ের পাশাপাশি তার নজর এখন ফিফা বিশ্বকাপে।
বিশ্বকাপের মাত্র ৭২ দিন আগে কোচ ছাঁটাই করল ঘানা
আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে উল্টো জরিমানার কবলে কার্ডিফ সিটি