শুরুতেই বাজিমাত সাদনিমার

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৩০ এএম

চলচ্চিত্রে পা রেখেই আলোচনায় ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘রাক্ষস’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ঈদের দিন থেকেই সহকর্মী ও ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। এই অভিনেত্রী জানালেন, গত বছর থেকে ছোট পর্দায় অভিনয় শুরুর পর থেকেই সাদনিমা একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছিলেন। তবে তিনি প্রথাগত নায়িকা চরিত্রে অভিনয়ের চেয়ে গল্পের প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে এমন চরিত্রের অপেক্ষায় ছিলেন।

সাদনিমা বলেন, ‘ঠিক করেছিলাম নায়িকা নয়, এমন কোনো চরিত্র করব, যেটাকে ঘিরে ছবির গল্প এগোবে। চরিত্র ছোট হলেও যেন গুরুত্বটা পুরো ছবিতে থাকে। আমার সেই স্বপ্ন সত্যি করেছে “রাক্ষস”। প্রথম যখন ছবিটির প্রস্তাব পাই, গল্প শুনি তখনই রাজি হয়েছি।’

সাদনিমার মতে, এমন একটি অভিজ্ঞ ইউনিটের সঙ্গে কাজ করতে পারা তার জন্য বড় সুযোগ ছিল। সচরাচর সবাই পর্দায় প্রধান নায়িকা হিসেবে আসতে চান, কিন্তু সাদনিমা হাঁটলেন ভিন্ন পথে। তার মতে, বাণিজ্যিক সিনেমাগুলোয় নায়িকাদের শুধু নাচ-গান আর রোমান্টিক দৃশ্য ছাড়া করার মতো বিশেষ কিছু থাকে না। তিনি বলেন, ‘প্রথম থেকেই আমি নায়িকা হতে চাইনি, বরং একজন দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরতে চেয়েছি। ছবির দৈর্ঘ্য ছোট হলেও দর্শক যেন চরিত্রটিকে মনে রাখে, আমি এমন কাজই করতে চাই।’ আগামীতেও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিতে চান তিনি। প্রথাগত রোমান্টিক চরিত্রের বাইরে নিজেকে একজন শক্তিশালী পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করাই এখন তার মূল লক্ষ্য। দেড় যুগ আগে একটি বিজ্ঞাপনচিত্রে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে অভিষেক ঘটে সাদনিমার। এরপর গত বছরের ‘গোল্ডফিশ’ নাটক করে পরিচিতি পান এই অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত