মুগ্ধতা ছড়াচ্ছেন তানজিকা

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:৩১ এএম

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন মডেল-অভিনেত্রী তানজিকা আমিন। প্রশংসার সঙ্গে অভিনয় করছেন নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মেও। অভিনয়ের বাইরেও তানজিকা আমিনের ব্যক্তিত্ব, চল-চলন ও বাচনভঙ্গিও দর্শককে মুগ্ধ করে। এবারের ঈদে এই অভিনেত্রীর দুটি নাটক প্রচার হয়েছে। একটি আশিকুর রহমান পরিচালিত ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত’ ‘লিলিথ’, অন্যটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ব্যানারে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘আমি একজন খুনি বলছি’। এর মধ্যে ‘লিলিথ’ নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সাখাওয়াত হোসেন এবং ‘আমি একজন খুনি বলছি’ নাটক রচনা করেছেন অর্ক মোস্তফা। লিলিথে তানজিকা অভিনয় করেছেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়। অন্য নাটকটিতে তাকে দেখা গেছে পুলিশ অফিসারের ভূমিকায়।

তবে লিলিথ নাটকে তানজিকা আমিনের অনবদ্য অভিনয় এরই মধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। নাটকে তার দুর্দান্ত অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দর্শক তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। এতে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় তানজিকা আমিনের ভীষণ আবেগ প্রবণ অভিনয়ে নতুন এক তানজিকা আমিনকে খুঁজে পাওয়া গেছে। অনুরূপভাবে ‘আমি একজন খুনি বলছি’ নাটকেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় তানজিকা আমিনকে পাপরফেক্টই মনে হয়েছে তার নিখুঁত অভিনয়ের কারণে। দুটি নাটকের অভিনয় করা নিয়ে তানজিকা আমিন বলেন, ‘লিলিথ নাটকে অভিনয়েল জন্য আমি এত এত প্রশংসা পাচ্ছি যে এখন অনেকটা লজ্জাই লাগছে। লিলিথ নাটকে যখন অভিনয় করেছি যথারীতি আমার চরিত্রটি আমি ভীষণ মন দিয়ে করেছি। কাজটা করার সময় এতটুকু বঝতে পেরেছিলাম যে নাটকটি দর্শকের ভালো লাগবে কিন্তু ভাবতে পারিনি যে দর্শক এতটা পছন্দ করবেন। এটা সত্য যে আমার অভিনীত লিলিথ নাটকটি ক্লাস অডিয়েন্সই উপভোগ করছেন, এটাই আমার ভালো লাগা। আমি একজন খুনি বলছি নাটকটিতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। দুই নির্মাতার প্রতিই আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে তানজিকা আমিন অভিনীত রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ এবং রাশেদ পলাশ পরিচালিত ‘রং বাজার’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এই দুটি সিনেমাতেই তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমারে তানজিকা আমিন তার স্বামীকে নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১০ এপ্রিল তার স্বামী দেশ থেকে চলে যাওয়ার পর আবারও তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত