মেলা দেখে ফেরার পথে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) ভোর চারটায় এদুর্ঘটনায় আরও তিনজন আহত হন।

নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।

আহতরা হলেন- মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭) এবং সিএনজি চালক মো. সাগর মিয়া।

হাইওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি সিএনজি নিয়ে ৫/৬ মতলব উপজেলার সোলেমান লেংটার মেলায় গিয়েছিল। মেলা থেকে ফেরার পথে ভোর চারটায় মহাসড়কের কানড়া এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই বারেক ও মোস্তফা মারা যান।

দুর্ঘটনায় আহত নবীর হোসেন জানান, আমরা পাঁচজন মিলে একটি সিএনজি নিয়ে লেংটার মেলায় গিয়েছিলাম। মেলা থেকে ফেরার সময় রাত চারটার দিকে কানড়া ক্বারীসাবের বাড়ীর বরাবর একজনকে নামানোর জন্য থামানো হয়। এমন সময় পিছন থেকে একটি গাড়ী আমাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বারেক ও মোস্তফা মারা যান।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মুহাম্মদ জাকির হোসেন জানান, মহাসড়কের কানড়া এলাকায় অজ্ঞাতনামা গাড়ীর চাপায় সিএনজিকে অজ্ঞাতনামা গাড়ী চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাদের মরদেহে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত