দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর নামফলক উধাও

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় সম্প্রতি উদ্বোধন হওয়া নলুয়া-বাহেরচর সেতুর নামফলক রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। গত রবিবার ট্রাকে করে ৭-৮ জন অপরিচিত ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের পরিচয়ে এসে ফলকটি খুলে নিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ। তবে কেন এবং কার নির্দেশে ফলকটি সরানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি-ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ও গুঞ্জন।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের জেলেপাড়া সংলগ্ন নদীর তীরবর্তী এলাকায় স্থাপিত সেতুর উদ্বোধনী নামফলকের স্থানে গিয়ে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। সেখানে ভাঙা টাইলসের টুকরা ও কিছু ইট-বালুর উচ্ছিষ্টাংশ ছড়িয়ে থাকতে দেখা গেছে। 

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে একটি ট্রাক এসে ওই স্থানে থামে এবং কয়েকজন ব্যক্তি নিজেদের সড়ক ও জনপথ বিভাগের লোক পরিচয় দিয়ে দ্রুত ফলকটি খুলে নিয়ে চলে যান। কোনো লিখিত নোটিশ বা পূর্বঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, সেতুর অবস্থান পরিবর্তন বা প্রকল্প বাস্তবায়নে জটিলতার কারণেই ফলক সরানো হতে পারে। আবার কেউ কেউ প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি বা অভ্যন্তরীণ সিদ্ধান্তের দিকেও ইঙ্গিত করছেন।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, ‘সেতুর নামফলক সরিয়ে নেওয়ার বিষয়টি আমার জানা নেই।’ সংশ্লিষ্ট দপ্তরের এমন অবস্থান আরও ধোঁয়াশা তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

 উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্বর এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল হোসেন খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত