জামালপুরের মাদারগঞ্জে ১২ বছর বয়সি এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুদ মিয়া (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ মিয়া মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
বুধবার (১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার চরশকুনা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ কড়ইচূড়া ইউনিয়নের ভেলামারী গ্রামে এক প্রবাসীর প্রতিবন্ধী মেয়ে তার দাদির ঘরে একা শুয়ে ছিল। শিশুটির মা ও দাদি বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী মাসুদ মিয়া ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে শিশুটি তার মাকে বিস্তারিত জানায়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করি। ঘটনার চার দিনের মাথায় মেলান্দহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।
