রাজবাড়ীর পাংশা উপজেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আনতে নতুন অ্যাপভিত্তিক পদ্ধতি চালু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অয়েল অ্যাপ’ ব্যবহার করে পরীক্ষামূলকভাবে তেল বিক্রি শুরু হয়েছে, যা স্থানীয়ভাবে কার্যকর পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক। একইসঙ্গে উপজেলার সুগন্ধা ফিলিং স্টেশনেও সমন্বিতভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
নতুন ব্যবস্থায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, নম্বর প্লেট ও তেলের পরিমাণ তাৎক্ষণিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে তেল সরবরাহ করা হচ্ছে না। নির্ধারিত সময়ের আগে পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন জানায়, এ উদ্যোগে একাধিকবার তেল সংগ্রহ, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি কমে আসবে। ফলে জ্বালানি বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ ভোক্তাদের ভোগান্তিও হ্রাস পাবে।
ইউএনও মোহাম্মদ রিফাতুল হক বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। ইতোমধ্যে একাধিকবার তেল নেওয়ার চেষ্টা করায় ১৪-১৫ জন মোটরসাইকেল চালককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও জানান, প্রাথমিকভাবে পাংশার দুটি প্রধান ফিলিং স্টেশনে এ কার্যক্রম চালু করা হলেও ভবিষ্যতে এর পরিসর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসন সব ধরনের কালোবাজারি ও অবৈধ মজুতদারদের সতর্ক করে জানিয়ে দিয়েছে-জ্বালানি তেল নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।