ঈদের সিনেমায় আলোচিত সাবিলা নূর

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ এএম

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মুক্তির পর থেকেই তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছেন। ঈদের সিনেমাগুলো যারা দেখছেন তারা বলছেন, ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত নায়িকা হয়েছেন সাবিলা নূর। এতে ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। সাবিলা নূর বলেন, ‘এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশি।’

সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন। অভিনেত্রীর ভাষায়, ‘চিত্রা আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীতে যে কাজগুলো করছি সবগুলোতে সচেতন হয়েছি।’

এদিকে আগামীকাল শুক্রবার থেকে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে বনলতা এক্সপ্রেস। তার আগে গত সোমবার সন্ধ্যায় সাবিলা তার কাছের মানুষদের নিয়ে সিনেমাটি দেখেন।  সেখানে তার অনুসারী সাবিলিয়ান থেকে মা, শাশুড়ি, স্বামী প্রত্যেকে উপভোগ করেন।  এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন। আগামীতেও ভিন্নধর্মী ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেকে আরও প্রমাণ করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত