মানব জীবনের অতি প্রয়োজনীয় একটি বিষয় হলো ঘুম। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ঘুমের বিকল্প নেই। কিন্তু অনেকের কাছে ঘুম যেন সোনার হরিণ। একগাদা ওষুধ খেয়েও অনেকের জন্য ঘুম আনা কঠিন হয়ে পড়ে। এ রকম যারা ঘুমের প্রকট সমস্যায় ভুগছেন বা যারা সহজেই ঘুমিয়ে পড়তে চাচ্ছেন, তাদের জন্য অনলাইনে মুক্তি পেল বিশ্বের সর্ববৃহৎ ঘুমের গান ‘ঘুম থেরাপি এনথেম’। গানটি ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেল এবং একই নামের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে অবমুক্ত করা হয়েছে।
প্রায় ২ ঘণ্টা ব্যাপ্তির গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন প্রথিতযশা কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। এতে কণ্ঠ দিয়েছেন ডি-রকস্টারখ্যাত হাসনাত তাসনিম সংগীতা। গানের কথা, সুর, গায়কী ও মিউজিক এমনভাবে সাজানো হয়েছে যা মানুষের শরীর ও মনকে শান্ত করে, দুশ্চিন্তা ও দুর্ভাবনা দূর করে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে। ঘুমের জন্য পার্শ্বপ্রতিক্রিয়াহীন এক মহৌষধ ‘ঘুম থেরাপি এনথেম’।
উল্লেখ্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন। এরই মধ্যে তার লেখা ৫ শতাধিক গান মুক্তি পেয়েছে। মাহবুবুল খালিদের লেখা বেশির ভাগ গানে তিনি নিজেই সুরারোপ করছেন। সম্প্রতি মাগুরায় যৌন নির্যাতনের শিকার ছোট্ট শিশু আছিয়াকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা ও সুরে গান গেয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি সচেতন দর্শক-শ্রোতাদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছে।
