বিয়ে করে আলোচনায় লুবাবা

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ এএম

কিছুদিন আগেই নেটপাড়ায় তুমুল আলোচনায় ছিলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। গত মঙ্গলবার রাতে লুবাবা নিজের ফেসবুকে চেহারা আড়াল করে একটি ছবি পোস্ট করে লেখেন ‘আলহামদুলিল্লাহ। দুই আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ তারপরই সোশ্যাল মিডিয়ায় আবার চর্চার কেন্দ্রে লুবাবা। মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করায় নেট-দুনিয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টে বিয়ের কথা সরাসরি উল্লেখ না করলেও ছিল জীবনসঙ্গীর ইঙ্গিত। কেউ মনে করছেন অল্প বয়সে বিয়ে করে দ্বীনকে সঠিকভাবে মূল্যায়ন করেছেন লুবাবা। একজন মন্তব্য করেন ‘মাশা আল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশা আল্লাহ’। আরেকজন লিখেন ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক’। আবার অনেকেই এটিকে বাল্যবিয়ে বলে সমালোচনা করছেন। লুবাবা মাত্র ১৫-১৬ বছরের কিশোরী হওয়ায় এ অভিযোগ তুলছেন অনেকেই। বাংলাদেশের আইন অনুযায়ী কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে বাল্যবিয়ে বলে গণ্য হয়। এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি লুবাবা কিংবা তার পরিবার।

জানা গেছে, ২০২১ সালে লুবাবা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। এসব তথ্য ধরে গণনা করলে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি লুবাবার। এ ক্ষেত্রে বাল্যবিয়ে বলে গণ্য হলে কী শাস্তি হতে পারে লুবাবা ও তার স্বামীর জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী আজমীর সুমী গণমাধ্যমে বলেন, ‘বাল্যবিয়ের আইন অনুযায়ী কন্যার ১৮ এবং পাত্রের ছেলেদের ক্ষেত্রে ২১। যদি কোনো কারণে বয়স গোপন করা হয় সেক্ষেত্রে বাল্যবিয়ে আইন ও প্যানেল কোড অনুযায়ী তাদের শাস্তি হবে।’

তিনি আরও বলেন, ‘কন্যার বয়স ১৮ বছরের নিচে থাকলে কাজী বিয়ের রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর কাজীর রেজিস্ট্রেশন ছাড়া কোনো বিয়ে আইনত বৈধ না। তবে কাজী যদি ১৮ বছরের নিচের কোনো কন্যার বিয়ে নিবন্ধন করেন, তার লাইসেন্স বাতিল হবে। আর কোর্ট স্ট্যাম্পে যে বিয়ে হয়, সেটা কোনো ভ্যালিড বিয়ে না।’

আইনজীবীর ভাষ্য, যদি কেউ বাংলাদেশের পাসপোর্টধারী হয়, তাহলে সে বাংলাদেশে আইন মানতে বাধ্য। দেশের বাইরে কোনো স্ট্যাম্পে সাইন করে বিয়ে করলে বাংলাদেশের আইন অনুযায়ী সেটি বৈধ বিয়ে না, লিভ টুগেদার বলে গণ্য হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত