অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গতকাল বৃহস্পতিবার জারি করা জরুরি নির্দেশনায় প্রশ্নপত্র ব্যবস্থাপনা, সেট কোড অনুসরণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে কঠোরভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

জরুরি নির্দেশনায় বলা হয় অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয় পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে ট্রেজারিতে/খানা লকারের ট্যাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানায়, প্রশ্নপত্রের দুই সেট করে সৃজনশীল (ঈছ) এবং বহুনির্বাচনি (গঈছ) সেট, পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্টদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি খামে আঠা লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং সিকিউরিটি খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।

নির্দেশনা অনুযায়ী, ট্রেজারি হতে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের নিকট হতে ওই দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম সৃজনশীল ২ সেট এবং বহুনির্বাচনি ১ সেট গ্রহণ করতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা/ট্রেজারি থেকে ট্যাগ অফিসার এবং পুলিশি প্রহরায় প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে। মোবাইল ফোনে সেট কোডের এসএমএস পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ অফিসারকে প্রদর্শনের পর সেট কোড নিশ্চিত হয়ে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে এবং অন্য সেটের প্রশ্নপত্রের প্যাকেট টেবিল থেকে সরিয়ে ট্যাংকজাত করতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে।

নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত