প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন শাকিরুল ও সাইয়েদ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ এএম

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।

গতকাল আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ দুই বিশেষ সহকারী নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়া ড. মো. শাকিরুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং শিক্ষক। বিভিন্ন আন্তর্জাতিক মানের পি আর রিভিউ জার্নালে তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে ড. মো. শাকিরুল ইসলাম খান অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এ দায়িত্ব গ্রহণ করবেন। তার এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।

আলাদা আরেক প্রজ্ঞাপনে সাইয়েদ বিন আবদুল্লাহকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ দায়িত্ব পালন করবেন। তাকে সরকারের গ্রেড-২ পদমর্যাদায় এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তা দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্ম-সম্পর্ক বজায় রাখতে পারবেন না। নিয়োগের অন্যান্য শর্তাবলি উভয়পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত