শনিবার রাজধানীতে বিক্ষোভ করবে ১১ দলীয় জোট

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এএম

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

হামিদুর রহমান আজাদ অভিযোগ করে বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সংবিধান সংশোধন নয়, সংস্কার করতে হবে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। ১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।

এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। এই নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।

এর আগে বুধবার জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউটের পর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের বাসায় বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনে যাওয়ার বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত