পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিটের এসআই পরিচয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতের নাম রিপন মিয়া। গত বুধবার রাতে আশুলিয়ার ফাল্গুনী হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং আটটি সিমকার্ড জব্দ করা হয়।
সিআইডি জানায়, গত ৭ জানুয়ারি এক ভুক্তভোগী রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তার ব্যবহৃত একটি আইফোন-১৫ মডেলের মোবাইল ফোন হারিয়ে ফেলেন। পরে মোবাইল ফোন উদ্ধারের জন্য তিনি ‘সাইবার ক্রাইম হেল্পলাইন’ নামের একটি ভুয়া ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ করেন। আইডি থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়। সেখানে যোগাযোগ করলে প্রতারক নিজেকে সিআইডির সাইবার ইউনিটের এসআই ইকবাল হোসেন পরিচয় দিয়ে মোবাইল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখায়। একপর্যায়ে প্রতারক মোবাইল উদ্ধার বাবদ ভিকটিমের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা নেন এবং পরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। একই কৌশলে প্রতারক চক্র অন্য এক ভিকটিমের কাছ থেকেও ৭২ হাজার ৭০০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। গ্রেপ্তারকৃত আসামি নিজেকে সিআইডি পুলিশ সদস্য (এসআই ইকবাল, এসআই আরমান ইত্যাদি) পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে মানুষের হারানো মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল।
