দেশ রূপান্তর ডিজিটাল বিভাগের একটি ভিডিও কনটেন্টে ৪ মিলিয়ন ভিউ অতিক্রম করায় পুরস্কৃত হয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদক শাহনাজ পারভীন রুবি। এ উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুরস্কৃত করেছে দেশ রূপান্তর পরিবার। পত্রিকাটির উদ্যোক্তা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের উদ্যোগে পুরস্কার হিসেবে রুবিকে দেওয়া হয়েছে পুরো এক মাসের বেতন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের অর্থ ও অভিনন্দনপত্র তুলে দেন সম্পাদক মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কনটেন্টের ভিডিও এডিটর সোহান মিয়াকেও অভিনন্দনপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন পুরো অফিসের সহকর্মীরা।
সম্প্রতি অভিনেতা খায়রুল বাশার থাইল্যান্ডে একটি নাটকের শুটিংয়ে গিয়ে দুর্ঘটনায় আহত হন। এ নিয়েই দেশ রূপান্তর ডিজিটাল বিভাগে ভিডিও কনটেন্ট তৈরি করেন শাহনাজ পারভীন রুবি। গতকাল পর্যন্ত যা ৪৬ লাখ (৪.৬ মিলিয়ন) মানুষ দেখেছেন। এতে লাইক পড়েছে ১ লাখ ৪২ হাজার।
অনুষ্ঠানে মুস্তাফিজ শফি বলেন, ‘দেশ রূপান্তরের ইতিহাসে এটি একটি মাইলফলক। অনলাইন ডিজিটালের এই সময়ে এ ধরনের অর্জন দেশ রূপান্তরকে আরও এগিয়ে নেবে। আর এমন সাফল্য ধরে রাখতে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের সাফল্য আরও উদযাপন করা যায়, সে জন্য সহকর্মীদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’ তিনি বলেন, শুধু ডিজিটাল বিভাগ নয়, ভালো কাজ করলে সব বিভাগই পুরস্কার পাবে। এখন থেকে প্রতিমাসেই সেই পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানসংশ্লিষ্ট প্রতিবেদককে পুরস্কৃত করতে সহযোগিতা করার জন্য তিনি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের ডিজিটাল টিম অন্য প্রতিষ্ঠানের মতোই স্মার্ট ও সক্ষম। প্রত্যেককে নিজের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ব্যক্তি ও প্রতিষ্ঠান, দুই পক্ষেরই এগিয়ে যাওয়া সহজ হবে।’
প্রধান বার্তা সম্পাদক সঞ্জয় দে বলেন, ‘দেশ রূপান্তরের পাঠকদের জন্য অনলাইন ও ডিজিটাল সংস্করণে আধুনিকায়নের পাশাপাশি নানা পরিবর্তন আনা হয়েছে। সাত বছরের পথচলায় দেশ রূপান্তর অনলাইন এখন নিজস্ব অবস্থান তৈরি করে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘দেশ রূপান্তরের ইতিহাসে এটি প্রথম অর্গানিক কনটেন্ট, যা ৪০ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে। এ অর্জন পুরো প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।’
নগর সম্পাদক সরোয়ার আলম বলেন, ‘প্রকাশের পর থেকে দেশ রূপান্তর আলোচনায় এসেছে বেশকিছু আলোচিত প্রতিবেদনের মাধ্যমে। এখন পত্রিকার পাশাপাশি অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রতিবেদনও আলোচনায় আসছে। এটি অবশ্যই আমাদের জন্য ভালো খবর। আমাদের এই পথচলা আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ বলেন, ‘শুরু থেকেই দেশ রূপান্তরের অনলাইন ও ডিজিটাল বিভাগের চেষ্টা ছিল পাঠকের কাছে পৌঁছে যাওয়া। এই চেষ্টাটি এখনো অব্যাহত আছে। এই সময়ে আমাদেরকে ভালো ভালো কনটেন্ট নিয়ে দর্শকের কাছে হাজির হতে হবে।’ তিনি বলেন, দেশ রূপান্তর ওয়েবে আমাদের পথচলাকে আরও সহজ করেছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়াই এখন লক্ষ্য। দেশ রূপান্তর পাঠকের আরও কাছে পৌঁছে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টা ও মানসম্মত কনটেন্টের মাধ্যমে দেশ রূপান্তরের অনলাইন আরও অনেকদূর এগিয়ে যাবে।
শাহনাজ পারভীন রুবি বলেন, ‘এই অর্জন আমার সফলতা ঠিকই, তবে এর পেছনে সবার সম্মিলিত চেষ্টা রয়েছে। দেশ রূপান্তরকে আরও ভালো অবস্থানে নিতে আরও ভালো কাজ করার সুযোগ ও কর্তৃপক্ষের সুদৃষ্টি চাই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেশ রূপান্তরের সিনিয়র কপি এডিটর আজিজুল পারভেজ, ফটো এডিটর সাহাদাত পারভেজ, ফিচার এডিটর মোহসীনা লাইজু, অনলাইন ও ডিজিটাল ইনচার্জ বিপ্লব রহমান, ডেপুটি চিফ রিপোর্টার উৎপল রায়, বিজনেস ইনচার্জ জুনায়েদ শিশির, সিনিয়র সাব এডিটর শাহনাজ বেগম পলি, হেড অব সেলস মিজানুর রহমান, সিনিয়র ম্যানেজার (সার্কুলেশন) মো. আব্দুল হাকিম প্রমুখ।