অবৈধ জ্বালানি তেলের মজুদ জব্দ, জরিমানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে দেশে তেলের অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। গত ১৭ দিনের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দ করেছে প্রশাসন। এ সময়ে শুধু জ্বালানির অবৈধ মজুদই নয়, এই সংকট কাজে লাগিয়ে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার ঘটনাও ঘটছে। অনিয়মে জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন দ-ও দিয়েছেন। প্রতিনিধিদের খবরে

রাজশাহী : ভুয়া চাহিদাপত্র দেখিয়ে রাজশাহীতে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার দায়ে নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচ কর্মীকে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। গতকাল রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার দুপুরে রাজশাহীর নওহাটা এলাকায় হাবিব ফিলিং স্টেশনে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের ওই পাঁচ কর্মী ধরা পড়েন। পাম্প সূত্র জানায়, অফিসের চাহিদা দেখিয়ে তারা ফিলিং স্টেশনে আসেন এবং তাদের সরকারি গাড়িতে থাকা ব্যারেল ও ড্রামে তেল দেওয়াও হয়েছিল। তবে বিষয়টি জানাজানি হলে তেল ফেরত নেওয়া হয়।

ঘটনায় জড়িত পাঁচ ফায়ার সার্ভিস কর্মী হলেন নওহাটা স্টেশনের লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত এবং আব্বাস আলী। উপপরিচালক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার তারা ঢাকায় সংযুক্ত হয়েছেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে, জড়িতরা তাদের ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে তেল নিতে গিয়েছিল।’ তিনি বলেন, ‘স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়ার যে চেষ্টা হয়েছে তা দ-নীয় অপরাধ।’

হবিগঞ্জ : তেলবাহী ট্রেন দুর্ঘটনার পর বিজিবির ১,০০০ লিটার ডিজেল উদ্ধার করেছে। জেলার মাধবপুরে গত বুধবার  রাতে মালবাহী ট্রেন দুর্ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং উদ্ধার তৎপরতায় কার্যকর ভূমিকা পালন করে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ মনতলা বিওপি থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তেল লুটপাটের অপচেষ্টা প্রতিরোধ করে এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীকালে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়, যারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

পটুয়াখালী : জেলার কলাপাড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনকালে একটি ট্রলার থেকে ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ফেরিঘাট-সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে জ্বালানি তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, কলাপাড়ার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে সংগ্রহ করা জ্বালানি তেল ট্রলারে করে রাঙ্গাবালী উপজেলায় নেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় ট্রলার থেকে ৩১ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়, যার মধ্যে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্র্রোল রয়েছে। ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহনের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়।

মানিকগঞ্জ : গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল আনয়ন এবং চড়া মূল্যে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারে অবস্থিত ‘আলী এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দোকানে জ্বালানি তেলের মূল্য তালিকা না পাওয়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত