রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে নগরীর সৌন্দর্য ফেরাতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুরু হয় উচ্ছেদ অভিযান। কিন্তু উচ্ছেদ অভিযানের আগেই হঠাৎ গায়েব হয়ে যায় হকাররা। পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযানের খবর পেয়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অতিরিক্ত বর্ধিতাংশ আগে থেকেই সরিয়ে ফেলে ব্যবসায়ীরা। তারপরও দ্বিতীয় দিনের ফুটপাত উচ্ছেদ অভিযানে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
জানা যায়, ডিএমপি ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে। তার মধ্যে ট্রাফিক লালবাগ বিভাগ ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করে। ট্রাফিক ওয়ারী বিভাগ যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেন। এ সময় ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ ঢাকা মেডিকেল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করে। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়। ট্রাফিক মিরপুর বিভাগ মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।
অভিযানের খবর শুনেই গায়েব হকাররা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে উচ্ছেদ অভিযানের আগেই ফুটপাত ছেড়ে সরে গেছেন হকাররা। ট্রাফিক বিভাগের উদ্যোগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান অভিযানের নির্ধারিত সময়ের আগেই হকাররা তাদের দোকানপাট গুটিয়ে ফেলেন।
সরেজমিনে দেখা যায়, ফুটপাতে বসা অধিকাংশ হকার দ্রুত নিজেদের চৌকি, খাবার ও অন্যান্য পণ্য সরিয়ে ফেলেছেন। অনেকেই এসব মালামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ছাদে বা বিভিন্ন স্থানে নিয়ে রাখেন। কোথাও সারিবদ্ধভাবে চৌকি, কোথাও খাবারের ঝুড়ি ও রুটিসহ নানা পণ্য রাখা হয়েছে।
সাব্বির আহমেদ নামে এক পথচারী বলেন, ফুটপাত দখলের কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। পরিষ্কার থাকলে তেমন ঝামেলা পোহাতে হয় না। কিন্তু এই উচ্ছেদ যেন কার্যকরী হয়, সেটাই আমাদের চাওয়া।
