ঈদযাত্রার সড়কে প্রতিদিন গড়ে ২০ জনের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ এএম

ঈদযাত্রার সময় প্রতিদিন গড়ে প্রায় ২০ জনের মৃত্যু ঘটেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের মধ্যে দেশে ৩৭৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২৯৮ জন নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেলে। মোটরসাইকেলে ১৪৩টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ৩৯ শতাংশ। পাশাপাশি ৪৭ পথচারী এবং ৩৬ জন চালক ও সহকারীও নিহত হয়েছেন। যানবাহনভিত্তিক হিসাব করলে মোটরসাইকেলের পরেই রয়েছে বাস, থ্রি-হুইলার ও প্রাইভেট কার। এসব দুর্ঘটনায় বাসে ৪১ জন, থ্রি-হুইলারে ৫০ জন এবং প্রাইভেট কার বা মাইক্রোবাসে ২০ জন প্রাণ হারিয়েছেন।

সড়কের ধরন বিবেচনায় দেখা যায়, আঞ্চলিক সড়কেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ১৬১টি। এ ছাড়া জাতীয় মহাসড়কে ১১৫টি, গ্রামীণ সড়কে ৪৮টি এবং শহরের সড়কে ৪২টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। দুর্ঘটনার কারণ বিশ্লেষণে দেখা গেছে, যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ১৫২টি দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া মুখোমুখি সংঘর্ষের ঘটনা ৯৬টি, পথচারীকে চাপা দেওয়ার ঘটনা ৪৯টি এবং পেছন থেকে ধাক্কার ঘটনা রয়েছে ৬৮টি। একই সময়ে সড়কের বাইরে নৌ ও রেল দুর্ঘটনাও ঘটেছে। ১১টি নৌ দুর্ঘটনায় ৯ জন নিহত, ২৩ জন আহত এবং ২ জন নিখোঁজ হয়েছেন। অন্যদিকে, ২৯টি রেল দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত