৯টায় উপস্থিতিসহ ১০ নির্দেশনা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ এএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টায় অফিসে উপস্থিতিসহ ১০টি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নতুন নিয়মগুলো জানানো হয়। মূলত দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এই একগুচ্ছ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ আদেশগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা করতে ছয় সদস্যের একটি তদারকি কমিটিও গঠন করেছে বোর্ড কর্র্তৃপক্ষ।

নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসকক্ষে অবস্থান করতে হবে। এই সময়ের মধ্যে যাতে কোনো দাপ্তরিক কর্মসূচি বা মিটিং বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে সূর্যের আলো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। অফিস চলাকালীন শুধু প্রয়োজনীয় সংখ্যক লাইট ও ফ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

কক্ষত্যাগ করার সময় কিংবা অফিস ছুটি হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া কোনো প্রকার অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্যও বিশেষভাবে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত