সুস্থ হতে লাগবে ১ বছর, হৃদয়কে নিউজিল্যান্ড সিরিজে খেলানোর তোড়জোড়

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাটার তাওহিদ হৃদয়ের 'টেনিস এলবো' ইনজুরি। তবে বিসিবির মেডিকেল বিভাগ আশা করছে, ব্যথা সঙ্গী করেই আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সাদা বলের সিরিজে মাঠে নামবেন এই ডানহাতি ব্যাটার।

ক্রিকেট পোর্টাল 'ক্রিকবাজ'-এর প্রতিবেদনে বলা হয়েছে, হৃদয়ের এই সমস্যাটি বেশ পুরনো। বিসিবির মেডিকেল ইউনিটের এক সদস্য জানিয়েছেন, গত বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) থেকেই তাঁর কনুইয়ে সামান্য সমস্যা ছিল। তবে সর্বশেষ পাকিস্তান সিরিজে একটি ইয়র্কার বল ব্যাটের নিচের অংশে লাগার পর সেই ব্যথা তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে, হৃদয়ের পক্ষে ব্যাট ধরাও কষ্টকর হয়ে পড়েছিল।

সাধারণত ব্যাটারদের ওপরের হাতের কবজি বা কনুইয়ের অতিরিক্ত মুভমেন্টের কারণে এই ধরনের 'টেনিস এলবো' সমস্যা তৈরি হয়। হৃদয় নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে পছন্দ করেন, যা এই ইনজুরিকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, এই ধরনের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে সাধারণত এক বছর সময় লাগে। তবে নিউজিল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে তাঁকে বিশেষ চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে।

মেডিকেল ইউনিটের ওই সদস্য ক্রিকবাজকে বলেন, "পুরোপুরি ব্যথামুক্ত হওয়া এই মুহূর্তে কঠিন। আমরা তাঁকে কাউন্সেলিং করেছি যে, কিছুটা ব্যথা থাকবে এবং তা নিয়েই তাঁকে খেলতে হবে। যদি শতভাগ সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করা হয়, তবে এক বছর ক্রিকেট খেলা সম্ভব হবে না।" বর্তমানে হৃদয়ের ওয়ার্কলোড বা অনুশীলনের চাপ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশ্য বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত হতে নিষেধ করেছেন। তিনি বলেন, "অনেক ব্যাটারই টেনিস এলবো নিয়ে খেলেছেন। ৫ এপ্রিল থেকে যখন স্কিল ক্যাম্প শুরু হবে, তখন আমরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করব। তখনই বোঝা যাবে তিনি ইনজুরি নিয়ে কতটা সাবলীলভাবে ব্যাটিং করতে পারছেন।"

বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা গত ২ এপ্রিল সাত দিনের ফিটনেস ক্যাম্প শেষ করেছেন। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে মূল স্কিল ক্যাম্প। অন্যদিকে, নিউজিল্যান্ড দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত