মরণব্যাধি ক্যান্সারকে জয় করলেও হঠাৎ করেই নতুন ঝামেলায় জড়িয়ে গেছেন সিনিয়র বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে বড়সড় আইনি বিপাকে পড়েছেন অভিনেত্রী সোনালি এবং তার স্বামী গোল্ডি বহল। সম্প্রতি ভারতের পুনেতে চন্দ্রকান্ত শিণ্ডে নামে স্থানীয় এক চাষি তাদের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ তুলেছেন।
শুধু তাই নয়, এ নিয়ে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়েছেন শিণ্ডে ও তার পরিবারের সদস্যরা। পুনের ভাদগাঁও মাভাল দেওয়ানি আদালতে একটি মামলাও দায়ের হয়েছে।অভিযোগকারীর দাবি, ১৯৫৭ সাল থেকে ওই জমির ওপর তাদের পরিবারের পৈতৃক অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকারকে পুরোপুরি উপেক্ষা করে জমিটি কেনা হয়েছে। এছাড়া ওই জমিতে বেআইনিভাবে কাজ শুরু করা এবং তাদের পরিবারকে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তুলেছেন ওই কৃষক। বর্তমানে তিনি ওই সম্পত্তির ওপর আদালতের স্থগিতাদেশ চেয়েছেন।
অন্যদিকে, সোনালি বেন্দ্রে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জমির কোনো নথিপত্রেই তাঁর নাম নেই। অভিনেত্রীর দাবি, স্রেফ টাকা হাতানোর উদ্দেশ্যেই তাঁর নাম জড়ানো হচ্ছে এবং পরিকল্পনা মাফিক এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সোনালির আইনজীবী জানিয়েছেন, এর আগে ওই চাষি তহশিলদার এবং মহকুমা শাসকের কাছে একাধিকবার আবেদন করেছিলেন। প্রতিবারই আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এই মামলায় সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেল ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। জমিটি আসলে কার এবং কেনাবেচায় কোনো কারচুপি হয়েছে কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুই পক্ষের যুক্তি শোনার পরে আদালত কী রায় দেন, এখন সে দিকেই তাকিয়ে সবাই।
বিএনপি সংস্কার চায় না—এটা অপপ্রচার: স্থানীয় সরকার মন্ত্রী
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, ৪ মরদেহ উদ্ধার
ইরানের হাতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল ‘হোয়াসং-১৮’!
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত তারেকের দাফন সম্পন্ন