আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার পেল ব্র্যাক ব্যাংক

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম

বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। আইএফসি হলো বিশ্ব ব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া। গতকাল মঙ্গলবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এই নতুন ঋণসুবিধা ব্র্যাক ব্যাংক ও আইএফসির মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে। এই তহবিলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক মাঝারি মেয়াদে ইউএস ডলারের জোগান পাবে। ফলে, আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের আরও বেশি সহায়তা দিতে সক্ষম হবে ব্যাংকটি।

এক বছর মেয়াদে ডিজাইনকৃত এই ঋণসুবিধাটি দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর মেয়াদে ব্যবহার করা যাবে। এই তহবিলের অন্তত ৫০ শতাংশ বা এর সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতের জন্য বরাদ্দ করা হবে এবং ন্যূনতম ২৫ শতাংশ দেওয়া হবে কৃষি খাতের এমএসএমইতে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি খাতে ঋণের যে বড় ঘাটতি রয়েছে, তা দূর করা সম্ভব হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি এই সুবিধাটি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রার তহবিল পাওয়ার সুযোগও আরও সহজ করে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত