লা লিগার শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। শনিবার দুপুরে মায়োর্কার মাঠে ২-১ ব্যবধানে হেরে আলভারো আরবেলোয়ার শিষ্যরা বার্সেলোনার চেয়ে এখন ৭ পয়েন্টে পিছিয়ে। লিগের আর মাত্র ৮ রাউন্ড বাকি থাকতে এই হার রিয়ালের শিরোপা স্বপ্নকে বড় ধাক্কা দিল। অন্যদিকে এই জয়ে রেলিগেশন জোন থেকে ২ পয়েন্ট দূরে সরে এল মায়োর্কা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। কিন্তু মায়োর্কা গোলরক্ষক লিও রোমান এদিন হয়ে দাঁড়িয়েছিলেন এক দুর্ভেদ্য দেয়াল। কিলিয়ান এমবাপ্পে দুবার রক্ষণভাগ চিরে জোরালো শট নিলেও রোমানের অসাধারণ সেভে গোলবঞ্চিত হন ফরাসি তারকা। তরুণ তুর্কি আরদা গুলারের একটি নিচু শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন রোমান।
ম্যাচের ৪১ মিনিটে পাবলো মাফেয়োর ক্রস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন মায়োর্কার মানু মরলেনেস। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে ৮৮ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালকে ১-১ সমতায় ফেরান এদের মিলিতাও। মনে হচ্ছিল রিয়াল অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে।
ম্যাচ যখন যোগ করা সময়ে গড়াল, তখনই রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভেদাত মুরিচি। ইনজুরি টাইমের প্রথম মিনিটে নিজের মৌসুমের ১৯তম গোলটি করে মায়োর্কার অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন এই কসোভান স্ট্রাইকার। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর রিয়ালের বিপক্ষে এটিই মায়োর্কার প্রথম জয়।
এই হারের গ্লানি মুছে ফেলার জন্য হাতে খুব বেশি সময় নেই আরবেলোয়ার দলের। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে চ্যাম্পিয়নস লিগই এখন রিয়ালের জন্য বড় আশা।
৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, আর সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬৯ পয়েন্ট। আগামী ১০ মের এল ক্লাসিকোর আগে রিয়াল এই ব্যবধান কমাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
বিস্ময়কর পরাজয়ে আর্সেনালের বিদায়; সেমিতে সাউদাম্পটন
ব্রাজিলিয়ান ম্যাজিকে পোর্ট ভেলকে ৭ গোল দিয়ে সেমিফাইনালে চেলসি