গাজীপুরের শ্রীপুরে ইসলাম ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য করায় তৌহিদী জনতার তুপের মুখে পড়া শাহিন ভূঁইয়া নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার পাঠানটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন ভূঁইয়া (৬৫) ওই এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার টোক গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মিষ্টি ব্যবসায়ি জানান বরমী বাজারের এক ব্যবসায়ীর দোকানে বসে শাহিন ভুঁইয়া ইসলাম ধর্ম নিয়ে বিরুপ মন্তব্য করেন এমনটি শোনা যায়। বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে তৌহিদী জনতা ও মুসল্লীরা। এক সময় ক্ষুব্দ মুসল্লীরা তার বাড়ি ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ক্ষুব্দ জনতার জনরোষ সামলাতে শাহীন ভূঁইয়ার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তিনি কোনো মারধরে শিকার হননি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সঞ্জয় সাহা জানান, অভিযুক্ত শাহিন ভূঁইয়ার বিরুদ্ধে ধর্ম অবমানবার মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
