ফেঞ্চুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এক মাসের জন্য প্রতিষ্ঠানটির সব উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) কোম্পানির ব্যবস্থাপক (জিএম, অ্যাডমিন) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল দুপুর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি সংকট ও গ্যাসের সরবরাহ কম থাকায় সরকার এ সিদ্ধান্ত নেয়। ফলে গত ৩ এপ্রিল থেকে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে আগামী মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহের কথা রয়েছে। তখন উৎপাদন চালু হতে পারে।

গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল-জুন তিন মাসের জন্য শাহজালাল ফার্টিলাইজার, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত হয়। এর আলোকে গত ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজারের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত