যমুনায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২০

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আলোকদিয়া চরের কাছে তারখাম্বা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে কিশোর বয়সী ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে শিবালয় থানায় সোপর্দ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার বসিয়ে যমুনা নদীর ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত ৩ এপ্রিল মাটি উত্তোলন ও বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হন।

অভিযানে পাটুরিয়া ও রাজবাড়ি কোস্ট গার্ডের অস্থায়ী কন্টিনজেন্টের সদস্যরা অংশ নেন। এ সময় প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪টি ড্রেজার ও ২টি বাল্কহেড জব্দ করা হয়।

কন্টিনজেন্ট কমান্ডার (পেটি অফিসার) আব্দুল আজিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড পাটুরিয়া নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত