অবশেষে আলোর মুখ দেখছে ‘আতরবিবিলেন’। আগামী ১৭ এপ্রিল দেশজুড়ে মুক্তি পাচ্ছে টাইমস মিডিয়ার ব্যানারের নতুন এই সিনেমাটি। মিজানুর রহমান লাবু পরিচালিত এই সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রচারণা। সম্প্রতি প্রকাশ পাওয়া এর অফিসিয়াল ট্রেলার ও পোস্টার দর্শকের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়। নির্মাতা নিজেই গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন। কেন্দ্রীয় চরিত্র আতরবিবির ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। তার বিপরীতে দেখা যাবে দুই বাংলার পরিচিত মুখ মুস্তফা প্রকাশকে। সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্তসহ একঝাঁক শিল্পী, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে গল্পকে এগিয়ে নিয়ে গেছেন।
নির্মাতা মিজানুর রহমান লাবু জানান, সিনেমাটি তার জন্য বিশেষ এক অনুভূতির। দীর্ঘ সময় ও শ্রম দিয়ে নির্মিত এই কাজটি দর্শকদের ভালো লাগবে বলেই তিনি আশাবাদী। প্রধান চরিত্রে অভিনয় করা ফারজানা সুমি বলেন, ‘আতরবিবি’ চরিত্রটি তার ক্যারিয়ারে একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দিয়েছে। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে তুলে ধরতে তাকে নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি। গত বছরের রমজান মাসে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুটিং সম্পন্ন করার কথাও উল্লেখ করেন তিনি। দর্শকদের ভালোবাসাই তাদের পরিশ্রমের সবচেয়ে বড় প্রাপ্তি হবে বলে আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
‘আতরবিবিলেন’-এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। আতরবিবি নামের সেই নারী সাধারণ জীবনের স্বপ্ন দেখলেও বাস্তবতার কঠিন মুখোমুখি হয়ে বারবার প্রতারিত হয় সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে।